নিউজডেস্ক :
ইসলামপুরে স্ট্রং রুমের CCTV ক্যামেরা সাময়িকভাবে বন্ধ থাকা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগারওয়াল এবং নেতা জাকির হোসেন রুমে প্রবেশ করার সময় শনিবার রাতে প্রায় আধঘণ্টা বাইরের CCTV ক্যামেরা বন্ধ ছিল।
এই প্রসঙ্গে জাকির হোসেন জানান, স্ট্রং রুমে ২৪ ঘণ্টা নজরদারির জন্য আলাদা ওয়াচিং পয়েন্ট রয়েছে, যেখানে কর্মীরা পালা করে CCTV মনিটরিং করেন। তবে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টা ৫ মিনিট পর্যন্ত ইসলামপুর ২৯ নম্বর বিধানসভার ক্যামেরার ছবি দেখা যাচ্ছিল না বলে তিনি খবর পান।
ঘটনার পর তিনি দ্রুত সেখানে পৌঁছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে CCTV অপারেটর বিষয়টি রিটার্নিং অফিসার তথা SDM-কে জানান। নির্দেশ অনুযায়ী লিখিত আবেদন করার পর সংশ্লিষ্ট সময়ের ফুটেজ দেখানো হয়।
জাকির হোসেন দাবি করেন, বাইরের ক্যামেরা সাময়িকভাবে বন্ধ থাকলেও ভেতরের ব্যাকআপ ক্যামেরা সচল ছিল এবং সেই রেকর্ডিং তিনি নিজে দেখেছেন। ফুটেজ দেখে তিনি সন্তুষ্ট বলেও জানিয়েছেন। তবে এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, কমিশনের উপর সম্পূর্ণ ভরসা করা যাচ্ছে না, তাই দলীয়ভাবে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে প্রতিটি স্ট্রং রুমে কড়া পাহারা রাখা হচ্ছে এবং গণনা শুরুর দিন পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে।
অন্যদিকে, ক্যামেরা বন্ধ থাকার কারণ হিসেবে জানা গেছে, বজ্রপাতের ফলে বাইরের CCTV ক্যামেরা সাময়িকভাবে বিকল হয়ে যায়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *