ইসলামপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে ইসলামপুরে সংগঠন মজবুত করতে উদ্যোগী হয়েছে কংগ্রেস। রবিবার সন্ধ্যায় ইসলামপুর থানার গুঞ্জুড়িয়া গ্রাম পঞ্চায়েতের গুঞ্জুড়িয়া বস্তি এলাকায় আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রায় ১৫০টি পরিবার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশীদ।
তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা ইমতিয়াজুল হকের দাবি, বিধানসভা নির্বাচনের পর বাংলায় তৃণমূলের আর অস্তিত্ব নেই। দেশ রক্ষা করতে এবং রাহুল গান্ধীর হাত শক্ত করতেই তাঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান তিনি।
হারুন রশীদ বলেন, গোটা দেশে কংগ্রেসই একমাত্র বিকল্প। তাঁর দাবি, সেই কারণেই ইসলামপুরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বহু মানুষ অন্য দল ছেড়ে কংগ্রেসে আসছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুঞ্জুড়িয়া অঞ্চল কংগ্রেস সভাপতি মহম্মদ আভ্রার, সহসভাপতি ফিরোজ, ব্লক সহসভাপতি সোনিয়া নন্দী-সহ স্থানীয় নেতা-কর্মীরা। যোগদান কর্মসূচিকে ঘিরে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক এমন কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক ভিত শক্ত করতে চাইছে দল, আর তাতে ফের সরগরম ইসলামপুরের রাজনৈতিক মহল।