ইসলামপুর: দুর্গাপুজোর প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ইসলামপুরে। স্থানীয় নেতা আকবর আলির নেতৃত্বে আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৩০০টি আর্থিকভাবে পিছিয়ে পড়া হিন্দু পরিবারের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র।
রবিবার ইসলামপুর থানার আগডিমটি খন্তি অঞ্চলের পাটাগোড়া ফুটবল ময়দানে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পুজোর আগে নতুন পোশাক পেয়ে খুশি উপভোক্তা পরিবারগুলি।
উৎসবের আনন্দ আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। দুর্গাপুজোর আগে এই কর্মসূচির মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা।
পুজোর আনন্দ যাতে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই ভাবনাকে সামনে রেখেই এই আয়োজন। নতুন বস্ত্র হাতে পেয়ে উপভোক্তাদের মুখে হাসি ফুটেছে।
ধর্ম যার যার, উৎসব সবার—এই বার্তাকে সামনে রেখে ইসলামপুরের পাটাগোড়ায় বস্ত্র বিতরণের এই উদ্যোগ দুর্গাপুজোর প্রাক্কালে সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরল।