নিউজডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ। ধর্ষণ, শারীরিক হেনস্থা, আর্থিক প্রতারণা, তোলাবাজি ও ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে এক মহিলার স্বামীকে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেছিলেন বিধায়ক। অভিযোগকারিণীর দাবি, টাকা দিতে গেলে তাঁকে শারীরিক হেনস্থা করা হয় এবং পরে ধর্ষণ করা হয়। তাঁকে আটকে রাখা, মারধর ও ভয় দেখানোর অভিযোগও উঠেছে।

গত ২ সেপ্টেম্বর এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তের মধ্যেই বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, তদন্ত এড়িয়ে মুম্বই যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। সেখান থেকেই বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং বিধাননগর কমিশনারেটের সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়।
ধর্ষণ, স্বেচ্ছায় আঘাত, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভীতিপ্রদর্শন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে।
একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী বিচারই এখন প্রত্যাশা।যদিও অভিযুক্ত নেতা বলেছেন, তিনি জানেন না ওনার নামে এমন কোনো অভিযোগ কখনো হয়েছিল।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *