ইসলামপুর, উত্তর দিনাজপুর: বিধানসভা ভোট চলাকালীন উত্তর দিনাজপুরের ইসলামপুরের নন্দ লাড়ুখোয়া এলাকায় ৬ এপ্রিল গুলিবিদ্ধ হয়ে এক নাবালিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল আজিজ ওরফে লাল মিয়া বর্তমানে জেলবন্দি। তবে ঘটনার তিন মাস পরেও তাঁর পরিবারের ২১ জন সদস্য ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর মৃতার আত্মীয় মহম্মদ জালাল-সহ কয়েকজন তাঁদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালায়। পাশাপাশি প্রায় দেড় বিঘা চা-বাগানের গাছ ও তেজপাতার গাছ কেটে ফেলা হয় এবং ওই জমিতে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দখল করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
পরিবারের আরও অভিযোগ, এই ঘটনায় একাধিকবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযোগের রিসিভ কপি পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়াও বাড়িতে ফিরতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তাঁদের দাবি।
পরিবারের এক সদস্য বলেন, “যে দোষী, সে আইনের মাধ্যমে শাস্তি পাক, আমরাও সেটাই চাই। কিন্তু আমরা নিরপরাধ। পরিবারের ২১ জন সদস্য দীর্ঘদিন ধরে ঘরছাড়া। আর কতদিন এভাবে থাকতে হবে বুঝতে পারছি না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, নিরাপত্তা দিয়ে দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক।”
অন্যদিকে, মৃত নাবালিকার আত্মীয় মহম্মদ জালাল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
ঘটনা প্রসঙ্গে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং ফোনে জানান, “আইন আইনের পথেই চলবে। এ ধরনের ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত জেলে থাকলেও তাঁর পরিবারের নিরাপত্তা, ঘরে ফেরার দাবি এবং পাল্টা অভিযোগকে ঘিরে ইসলামপুরের এই ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট পরিবার।