ইসলামপুর: দীর্ঘদিন ধরে বিজলীমনি টি স্টেট কোম্পানির জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার অভিযোগ তুলে নিজেদের জমি ফেরতের দাবিতে আন্দোলনে নামলেন স্থানীয় জমিদাতারা। সোমবার ইসলামপুর থানার মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর মাটিকুন্ডা এলাকায় জমিদাতারা আন্দোলন করেন। পাশাপাশি সরকারের কাছে জমি ফিরিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ১৯৮৫ সালে সরকার তাঁদের জমির পাট্টা দেয়। এরপর ১৯৯১ সালে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজলীমনি টি স্টেট কোম্পানি তাঁদের কাছ থেকে প্রায় ৪০ বিঘা জমি নেয়। কিন্তু দীর্ঘ কয়েক দশক কেটে গেলেও ওই জমিতে কোনও কারখানা কিংবা চা বাগান তৈরি করা হয়নি। ফলে জমি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ তাঁদের।
জমিদাতাদের আরও অভিযোগ, জমি দেওয়ার সময় যে চুক্তি হয়েছিল, তার মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। বর্তমানে কোম্পানি নতুন করে জমি রিনিউয়াল করার জন্য গোপনে সার্ভে করছে বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, বর্তমানে জমি তাঁদের দখলেই রয়েছে। তাই যাঁরা জমি দিয়েছিলেন, তাঁদের জমি তাঁদেরই ফিরিয়ে দিতে হবে।
জমিদাতাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
অন্যদিকে, জমিদাতাদের অভিযোগের পাল্টা বক্তব্য দিয়েছেন বিজলীমনি টি স্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাষ দাস। তাঁর দাবি, সেই সময়ে কোম্পানি গ্রামবাসীদের কাছ থেকে জমি কিনে নিয়েছিল। কোনও এগ্রিমেন্টের মেয়াদ শেষ হওয়ার বিষয় নেই। কোনও কারণে ওই জমিতে কোম্পানির কাজ শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে অনেকেই ওই জমি দখল করে চাষাবাদ করছেন, এমনকি কেউ কেউ সেখানে বাড়িও তৈরি করেছেন বলেও দাবি তাঁর।
বিভাষ দাস আরও জানান, জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আদালতে মামলা করেছে কোম্পানি। ফলে জমির মালিকানা ও দখল নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত কোন পথে গড়ায়, এখন সেদিকেই নজর স্থানীয়দের।