চোপড়া: রায়গঞ্জে বাম নেতৃত্ব ও ছাত্রদের উপর হামলার অভিযোগের প্রতিবাদে চোপড়ায় পথে নামল সিপিআইএম। বুধবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি হাটে দলের চোপড়া ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে রায়গঞ্জের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। ঘটনায় এসএফআই নেতা বিবেক বর্মন-সহ কয়েকজন আহত হন বলে দাবি সিপিআইএমের। পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর এবং রাতে রায়গঞ্জ থানার সামনেও উত্তেজনা ছড়ায়। থানার সামনে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য উত্তম পাল-সহ কয়েকজন নেতা আক্রান্ত হন বলে অভিযোগ দলের।
এই ঘটনাগুলির প্রতিবাদেই বুধবার চোপড়ায় ধিক্কার মিছিল ও পথসভা করে সিপিআইএম। সভা থেকে বক্তারা বলেন, হামলা বা ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা এবং গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।
চোপড়া ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার বলেন, “বিরোধীদের উপর হামলা করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে।”

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *