নিউজডেস্ক :
জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। রবিবার ঘটনাটি ঘটেছে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাদোভিটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলিমুদ্দীন ও আজিমুদ্দীনের পরিবারের মধ্যে প্রায় আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।
কলিমুদ্দীনের পরিবারের অভিযোগ, বিরোধপূর্ণ জমি প্রতিপক্ষকে দখল পাইয়ে দিতে এলাকায় আসে পুলিশ। খবর পেয়ে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের মহিলারা। তাঁদের দাবি, কোন আদালতের নির্দেশে বা কীসের ভিত্তিতে পুলিশ জমি দখল দিতে এসেছে, তা জানতে অর্ডার কপি দেখতে চাওয়া হলেও পুলিশ তা দেখাতে পারেনি।
কলিমুদ্দীনও একই দাবি করে জানান, পুলিশের কাছে নির্দেশের কপি চাওয়া হয়েছিল, কিন্তু তা দেখানো হয়নি। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় এবং পুলিশের গাড়ি ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই বিঘা চা বাগানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত আজিমুদ্দীনের বাড়িতে যাওয়া হলেও তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জমি সংক্রান্ত এই বিবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।