নিউজডেস্ক:
বুধবার রাতে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর জখম হলেন এক ভোট কর্মী। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রের ১৩২ নম্বর বুথে যাওয়ার পথে।
জানা গিয়েছে, ভোট কর্মীদের নিয়ে একটি গাড়ি নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে হঠাৎই গাড়িটি বিকল হয়ে যায়। একই সঙ্গে গাড়ির দরজাও লক হয়ে পড়ে বলে অভিযোগ। ঠিক সেই সময় গাড়ির ভিতরে থাকা গরম জল আচমকাই এক ভোট কর্মীর শরীরে পড়ে গেলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।
প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে গাড়ির জানালা দিয়ে লাফ দেন মহেশ্বর দাস নামে ওই ভোট কর্মী। ফলে তিনি গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।