নিউজডেস্ক: উত্তর দিনাজপুর, ইসলামপুর থানার রামগঞ্জ খোচাবাড়ি চিল্লাখানা এলাকায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা নাগাদ তিন দুষ্কৃতি একটি বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একা থাকা গৃহবধূ ও তাঁর দুই শিশুসন্তানকে ছু/রি ঠেকিয়ে আতঙ্কিত করে তোলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেই সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতিরা মা ও দুই সন্তানের গলায় ছু/রি ঠেকিয়ে ভয় দেখায় এবং ঘরের ট্রাঙ্ক ভেঙে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা নগদ, দেড় ভরি সোনার অলঙ্কার এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নেয়। বাধা দিতে গেলে গৃহবধূর হাতে ছুরি দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনা এখানেই শেষ নয়। বাড়ি ছাড়ার আগে দুষ্কৃতিরা ওই মহিলাকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর আতঙ্কিত গৃহবধূ ইসলামপুর পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি (GDE) দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চলছে। তবে এ ঘটনার পর এলাকার রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দানা বাঁধছে।