নিউজডেস্ক:
হাপতিয়ায় ১৫ বছর পর পুনরুদ্ধার কংগ্রেসের দলীয় কার্যালয়
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের পুরনো দলীয় কার্যালয় পুনরুদ্ধার করে জবরদখলমুক্ত করল কংগ্রেস। সোমবার হাপতিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। দলীয় সূত্রের দাবি, প্রায় ১৫ বছর ধরে কার্যালয়টি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। ২০২৬ সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পুনরায় ওই কার্যালয়ের দখল ফিরে পায় কংগ্রেস।
এদিন ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন হাপতিয়া অঞ্চল কংগ্রেস সভাপতি গিয়াসুদ্দিন। কার্যালয় পুনরুদ্ধারকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ-উল্লাস দেখা যায়। উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে লাড্ডুও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা খামিযুদ্দিন, হাপতিয়া অঞ্চল কংগ্রেস সভাপতি গিয়াসুদ্দিন, কংগ্রেস নেতা আফজাল হোসেন, বাচ্চামুদ্দিন-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন পর নিজেদের দলীয় কার্যালয় জবরদখলমুক্ত করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও কার্যালয়টি দলের দখলে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।
দলীয় কার্যালয় পুনরুদ্ধারের ঘটনায় এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।