চোপড়া, উত্তর দিনাজপুর: দাঁড়িয়ে থাকা একটি NBSTC বাসের পিছনে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারল অবৈধভাবে বালি বোঝাই একটি নম্বরপ্লেটহীন ডাম্পার। ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা একাধিক যাত্রী। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপড়া বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেকে বহরমপুরগামী NBSTC-এর একটি বাস চোপড়া বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় দ্রুতগতিতে পালাতে গিয়ে একটি নম্বরপ্লেটহীন বালি বোঝাই ডাম্পার বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী মাথা, হাত ও পায়ে আঘাত পান।
স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর অবৈধ বালি পাচার রোধে আইনি পদক্ষেপ নেওয়া হলেও চোপড়া এলাকায় এখনও রাতের অন্ধকারে রমরমিয়ে চলছে অবৈধ বালি পাচার। নম্বরপ্লেটহীন বহু ডাম্পার অবৈধভাবে বালি পরিবহনে যুক্ত রয়েছে বলে অভিযোগ। বেপরোয়া গতিতে চলাচলের কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের।
বাসচালক জানান, চোপড়া বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য বাস দাঁড় করানোর পরই পিছন থেকে প্রবল ধাক্কা লাগে। আচমকা ওই ধাক্কায় একাধিক যাত্রী আহত হন।
খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ডাম্পারটি আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।