চোপড়া: অসামাজিক কাজের প্রতিবাদ করায় রাস্তায় মারধর, এরপর রাতেই বাড়িতে চড়াও হয়ে হামলা। অভিযোগ জানানোর পরও অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন চোপড়ার আক্রান্ত আব্দুল কাদের ও তাঁর পরিবারের সদস্যরা।
আব্দুল কাদেরের অভিযোগ, অসামাজিক কাজের প্রতিবাদ করায় তাঁকে কাজে বাধা দেওয়ার অভিযোগে রাস্তায় মারধর করা হয়। সেই রাতেই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায় এবং তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। তিনি দাসপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবারের দাবি, হামলায় গুরুতর জখম হয়ে আব্দুল কাদেরসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। পরে দাসপাড়া পুলিশ ফাঁড়ি ও চোপড়া থানায় লিখিত অভিযোগের পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানান তিনি।
তাঁর দাবি, অভিযোগ জানানোর পর দীর্ঘ সময় কেটে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সোমবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন আক্রান্ত ব্যক্তি ও তাঁর পরিবার। সেখানে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, কিছুদিন আগে দাসপাড়ার স্কুলপাড়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে হামলার অভিযোগও উঠেছিল। সেই ঘটনায় ইর্দিশ আলম ও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ প্রসঙ্গে ইর্দিশ আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি বাইরে রয়েছেন এবং আগামীকাল এ বিষয়ে কথা বলবেন।
অন্যদিকে, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।