করণদিঘী, ২৬ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের টুঙ্গিদিঘী বাজার এলাকায় ১২ নং জাতীয় সড়কের ওপর দীর্ঘদিনের যানজট ও পথ দুর্ঘটনার সমস্যা মেটাতে অবশেষে ফ্লাইওভার ব্রিজ সহ বাইপাস নির্মাণের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। বাংলা-বিহার সীমান্তবর্তী এই এলাকা দিয়ে নিত্যদিন প্রচুর যানবাহন চলাচল করায় যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
শনিবার দুপুরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের পাশাপাশি রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল, করণদিঘীর বিধায়ক তথা মন্ত্রী বিরাজ বিশ্বাস সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা টুঙ্গিদিঘী জাতীয় সড়ক ও বাজার এলাকা পরিদর্শন করেন।
এই প্রসঙ্গে সাংসদ কার্তিক পাল বলেন, ফ্লাইওভার ব্রিজ নির্মাণের জন্য টুঙ্গিদিঘীতে জমি অধিগ্রহণ করতে হবে। জাতীয় সড়কের জায়গা সেখানে তুলনামূলক সংকীর্ণ হওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় প্রশাসন ও ভূমি দপ্তরের আধিকারিকদের সবরকম সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলাশাসক শেভালে অভিজিৎ তুকারাম, করণদিঘীর বিডিও রবি কুমার গুপ্ত, করণদিঘী আইসি বাপন দাস, বিধায়ক মন্ত্রী বিরাজ বিশ্বাস, সাংসদ কার্তিক পাল, ভূমি দপ্তরের আধিকারিক সুমিত কুমার ভট্টাচার্য সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত শুরু হোক, যাতে যানজট ও দুর্ঘটনা থেকে মুক্তি মেলে।