ইসলামপুর: তিন মাসের বকেয়া মিড ডে মিলের খরচ অবিলম্বে মেটানোর দাবিতে সরব হলেন ইসলামপুর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বকেয়া টাকা না মিটলে আগামী ১ অক্টোবর থেকে মিড ডে মিল বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
বুধবার ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একজোট হয়ে ইসলামপুর বিডিও অফিসে যান। সেখানে বিডিওর হাতে সাত দফা দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন তাঁরা।
শিক্ষকদের অভিযোগ, গত তিন মাস ধরে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য বরাদ্দ খরচের টাকা বকেয়া রয়েছে। টাকা না পেলেও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সামগ্রী নিয়ে এতদিন পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়েছে। কিন্তু পুজোর মুখে ব্যবসায়ীরা বকেয়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। ফলে টাকা না মিললে কীভাবে মিড ডে মিল চালানো হবে, তা নিয়ে সমস্যায় পড়েছেন শিক্ষকরা।
শুধু খরচই নয়, গত তিন মাস ধরে মিড ডে মিলের রান্নার সঙ্গে যুক্ত রাঁধুনিদের পারিশ্রমিকও বকেয়া রয়েছে বলে অভিযোগ। পুজোর আগে তাঁদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন শিক্ষকরা।
শিক্ষকদের বক্তব্য, দ্রুত তিন মাসের বকেয়া মিটিয়ে দেওয়া হলে মিড ডে মিল পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে। অন্যথায় ১ অক্টোবর থেকে মিড ডে মিল বন্ধ রাখতে তাঁরা বাধ্য হবেন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *