ইসলামপুর: রাজ্য সরকারের নির্দেশে খাদ্যের গুণগত মান যাচাই করতে ইসলামপুর শহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও খাবারের দোকানে অভিযান চালাল মহকুমা শাসক দপ্তর ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।
অভিযানে খাবারের গুণগত মান, বাসী খাবার পরিবেশন করা হচ্ছে কি না, খাবারে নিষিদ্ধ বা অতিরিক্ত রং মেশানো হচ্ছে কি না—সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি খাবার তৈরির পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাদ্য সংরক্ষণের ব্যবস্থাও পরিদর্শন করেন আধিকারিকরা।
ইসলামপুর খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক পপি রায় জানান, রাজ্য সরকারের নির্দেশে নিয়মিতভাবে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও খাবারের দোকানে অভিযান চালানো হচ্ছে। এদিনও শহরের একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে খাবারের গুণগত মান পরীক্ষা করা হয়। কোথাও বাসী বা রং মেশানো খাবার পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হচ্ছে। পরবর্তীতে ফের পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযানে খুশি শহরবাসী। তাঁদের দাবি, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মাঝেমধ্যেই এ ধরনের অভিযান চালানো প্রয়োজন। নিয়মিত নজরদারি থাকলে হোটেল-রেস্তোরাঁগুলিতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের প্রবণতা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।
খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ইসলামপুরবাসী।