চোপড়া: রাতের অন্ধকারে চা বাগানে ঢুকে প্রায় ৪০টি ইউক্যালিপটাস গাছ কেটে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল চোপড়ায়। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তিলকগছ গ্রামে।
অভিযোগ, মঙ্গলবার রাতে পঞ্চায়েত সদস্য আমিজউদ্দিনের চা বাগানে ঢুকে দুষ্কৃতীরা একের পর এক ইউক্যালিপটাস গাছ কেটে দেয়। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
আমিজউদ্দিনের দাবি, এর আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকির ঘটনার সঙ্গে গাছ কাটার ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তবে লিখিত অভিযোগে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করা হয়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। কারা রাতের অন্ধকারে বাগানে ঢুকে গাছগুলি কেটে ফেলল এবং এর পিছনে কোনও পূর্বশত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।