করণদিঘী: দেশ, মানুষের কল্যাণ এবং রাজনৈতিক আদর্শকে সামনে রেখে ১,০২০ কিলোমিটারের এক ব্যতিক্রমী পদযাত্রায় শামিল হয়েছেন হুগলির ত্রিবেণীর বাসিন্দা তথা কংগ্রেস কর্মী দেবাশীষ শীল। গত ৩১ মে হুগলির ত্রিবেণী ঘাট থেকে শুরু হওয়া তাঁর এই পদযাত্রা শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার বোতলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং কিছু দূর পর্যন্ত তাঁর সঙ্গে হেঁটে সংহতি প্রকাশ করেন।
দেবাশীষ শীল জানান, অসমের কামাখ্যা মন্দিরে মায়ের চরণে পুজো দেওয়ার সংকল্প নিয়েই তিনি এই দীর্ঘ পদযাত্রা শুরু করেছেন। তাঁর কথায়, এই যাত্রা শুধু ব্যক্তিগত বিশ্বাসের বহিঃপ্রকাশ নয়, বরং দেশের শান্তি, সম্প্রীতি এবং সাধারণ মানুষের কল্যাণ কামনারও প্রতীক।
তিনি বলেন, আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আবারও দেশের শাসনভার গ্রহণ করবে—এই বিশ্বাস থেকেই তিনি পথ চলছেন। পাশাপাশি দেশের যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রার্থনাও করছেন তিনি।
দীর্ঘ যাত্রাপথে বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন বলেও জানান দেবাশীষ শীল। বিভিন্ন স্থানে কংগ্রেসের নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধনা জানিয়েছেন, যা তাঁর এই কঠিন যাত্রায় নতুন উদ্দীপনা জুগিয়েছে।
কামাখ্যা মন্দিরে পৌঁছে দেশ, রাজ্য এবং সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় বিশেষ পুজো দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, এই ধরনের পদযাত্রা সমাজে শান্তি, ঐক্য ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *