ইসলামপুর: নিম্নমানের খিচুড়ি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। ঘটনাকে ঘিরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কমলাগাঁও-সুজালি অঞ্চলের কমলাগাঁও গ্রামে।
অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাবার যথাযথ মান বজায় রেখে দেওয়া হচ্ছে না। মায়েদের দাবি, অনেক সময় খিচুড়ির মধ্যে পোকা পাওয়া যায়। ডাল, চাল ও জল দিয়ে তৈরি নিম্নমানের খিচুড়ি শিশুদের খাওয়ানো সম্ভব হয় না বলেও অভিযোগ তাঁদের। বাধ্য হয়ে সেই খাবার বাড়িতে নিয়ে গিয়ে গবাদি পশুকে খাওয়াতে হয় বলে দাবি বিক্ষোভকারীদের।
এলাকাবাসীর আরও অভিযোগ, সপ্তাহে তিন দিন ডিম দেওয়ার কথা থাকলেও অনেক সময় মাত্র একদিন ডিম দেওয়া হয়। একাধিকবার বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।
এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার দুপুর ১২টা নাগাদ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। খবর পেয়ে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের আশ্বাসের পর ফের খাবার বিতরণ শুরু হয় বলে জানা যায়।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী রায়হানা। তাঁর দাবি, নিয়ম মেনেই শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় এবং সপ্তাহে তিন দিন ডিমও দেওয়া হচ্ছে। এদিন সাদা ভাত দেওয়ার কথা থাকলেও মায়েদের অনুরোধে খিচুড়ি রান্না করা হয়েছিল বলে জানান তিনি।
ঘটনায় অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। খাবারের মান ও অন্যান্য অভিযোগ তদন্তের পরই প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *