করণদিঘী, ৫ আগস্ট: বিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামোর বেহাল দশা, শ্রেণিকক্ষে বিদ্যুৎ সংযোগ না থাকা, বন্ধ ফ্যান ও অপরিষ্কার শৌচাগারের অভিযোগে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল তিতপুকুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা।
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত তিতপুকুর হাইস্কুলে পরীক্ষা চলাকালীনও একাধিক শ্রেণিকক্ষে বিদ্যুৎ সংযোগ না থাকায় ফ্যান বন্ধ থাকার অভিযোগ ওঠে। পড়ুয়াদের দাবি, বিদ্যালয়ের ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত শৌচাগারগুলির অবস্থাও অত্যন্ত বেহাল। নিয়মিত শৌচাগার পরিষ্কার করা হয় না বলেও অভিযোগ তাদের।
পড়ুয়াদের আরও দাবি, বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা ও শৌচাগার পরিষ্কারের বিষয়ে একাধিকবার প্রধান শিক্ষককে জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি এবং সহকারী প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রছাত্রীরা তিতপুকুর হাইস্কুলের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর জেরে দূরপাল্লার বাস ও মালবাহী গাড়ি-সহ বহু যানবাহন জাতীয় সড়কের চার লেনে আটকে পড়ে। প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ধরে চলে এই পথ অবরোধ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে করণদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকর্মীরা পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি শোনেন। পরে পুলিশের আশ্বাসে ছাত্রছাত্রীরা পথ অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।