উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সাইবার প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল রাজস্থানের দিদওয়ানা থানার পুলিশ। বুধবার গভীর রাতে দিদওয়ানা থানার পুলিশ ও চোপড়া থানার পুলিশের যৌথ অভিযানে এই গ্রেফতারি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রাজস্থানের একটি স্কুলে ভুয়োভাবে নিজেদের নাম নথিভুক্ত করে সরকারি বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, স্কলারশিপের টাকা সরাসরি অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল। অভিযোগের ভিত্তিতে রাজস্থানে দায়ের হওয়া একটি মামলার তদন্তে নেমে দিদওয়ানা থানার পুলিশ চোপড়ায় পৌঁছায়।
অভিযানে গ্রেফতার করা হয় যাত্রাগছের বাসিন্দা মনসুর আলম, কান্তাগাঁওয়ের বাসিন্দা মুন্না মুস্তাফা এবং নয়াবাড়ির বাসিন্দা জুবের আলমকে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাদের ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে দিদওয়ানা থানার পুলিশ। অন্যদিকে, মামলার মূল অভিযুক্ত ইমরানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *