২৪/৩/২৬,নিউজডেস্ক:
২৪ মার্চ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ‘নারীবাদ ও লিঙ্গসাম্য আন্দোলন’ বিষয়ক একদিবসীয় আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের ICC ও IQAC-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. চন্দন রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. সুদয়িতা ঘোষ, কালিয়াগঞ্জ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রী শরণ্য দত্তসহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় ICC কো-অর্ডিনেটর ড. কমলারানী ভট্টাচার্য তাঁর বক্তব্যে লিঙ্গ বৈষম্য দূরীকরণে নারীর অগ্রযাত্রা ও বর্তমান নারী জাগরণের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নারীদের নানা সমস্যার সমাধানে ICC কীভাবে কার্যকর ভূমিকা নেবে, তার একটি সুস্পষ্ট রূপরেখাও প্রদান করেন।
অধ্যক্ষ ড. চন্দন রায় তাঁর ভাষণে পারিবারিক পরিসরে লিঙ্গগত ধারণার প্রভাব এবং পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে মুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বিভিন্ন উদাহরণের মাধ্যমে নারী শোষণের ইতিহাস ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিবর্তন বিশ্লেষণ করেন।
IQAC-এর পক্ষ থেকে ড. রাখী দাস বিশ্বাস পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, ড. সুদয়িতা ঘোষ উত্তর-ঔপনিবেশিক নারীবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পাশ্চাত্য ও তৃতীয় বিশ্বের নারীবাদের পার্থক্য ও চ্যালেঞ্জগুলি ব্যাখ্যা করেন।
অধ্যাপক শ্রী শরণ্য দত্ত নারীবাদী আন্দোলনের বিভিন্ন ধারা ও বিশেষত ইউরোপীয় নারীবাদের ইতিহাস নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষিকা মহুয়া পাল চৌধুরী, মিঠুন পাল এবং ছাত্রছাত্রী স্নিগ্ধা মণ্ডল, নীলনভো ব্যানার্জি, সুষ্মিতা দেব, সুভাষিত সাহা ও পিংকি বিশ্বাসের পরিবেশনা বিশেষভাবে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপিকা ড. পূর্বাশা ওঝা।