ইসলামপুর: বিধানসভা ভোট চলাকালীন উত্তর দিনাজপুরের ইসলামপুরের নন্দ লাড়ুখোয়া এলাকায় ৬ এপ্রিল গুলিবিদ্ধ হয়ে এক নাবালিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল আজিজ( লাল মিয়া) গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি। কিন্তু ঘটনার তিন মাস পরেও তার পরিবারের ২১ জন সদস্য ঘরছাড়া রয়েছেন বলে অভিযোগ।
পরিবারের দাবি, ঘটনার পর মৃতার আত্মীয় মহম্মদ জালাল-সহ কয়েকজন তাদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালায়। পাশাপাশি প্রায় দেড় বিঘা চা-বাগানের গাছ ও তেজপাতার গাছ কেটে ফেলা হয় এবং বাগানে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দখল করে রাখা হয়েছে বলেও অভিযোগ। এ নিয়ে একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও অভিযোগের রিসিভ কপি পর্যন্ত দেওয়া হয়নি বলে দাবি পরিবারের। তাদের আরও অভিযোগ, বাড়িতে ফিরতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
পরিবারের সদস্যদের বক্তব্য, “যে দোষী, সে আইনের মাধ্যমে শাস্তি পাক, আমরাও সেটাই চাই। কিন্তু আমরা নিরপরাধ। ২১ জন সদস্য দীর্ঘদিন ধরে ঘরছাড়া। আর কতদিন এভাবে থাকতে হবে বুঝতে পারছি না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, নিরাপত্তা দিয়ে দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক।”
অন্যদিকে, মৃতার আত্মীয় মহম্মদ জালাল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই।
এ প্রসঙ্গে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং ফোনে জানান, “আইন আইনের পথেই চলবে। এ ধরনের ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”