রামগঞ্জ: কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতার রানি রাসমণি রোডে কৃষক সমাবেশের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চার পশ্চিমবঙ্গ শাখা। এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার রামগঞ্জে সিপিআইএমের দলীয় কার্যালয়ের সামনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি এবং দুপুর ২টা থেকে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে আলু, ধান ও পাটের লাভজনক দাম নিশ্চিত করা, পর্যাপ্ত সার সরবরাহ, সারের কালোবাজারি বন্ধ এবং কৃষকদের কৃষিঋণ মকুব-সহ একাধিক দাবি তুলে ধরা হবে।
এছাড়াও ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পে ২০০ দিন কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং রেশন কার্ড থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিও জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এসআইআর-এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাতিল না করা এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের জন্য গ্রহণযোগ্য ও হয়রানিমুক্ত নীতি প্রণয়নের দাবিও সমাবেশে তোলা হবে বলে জানানো হয়েছে।
রামগঞ্জের প্রস্তুতি সভা থেকে ২৮ সেপ্টেম্বরের কলকাতার কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান সিপিআইএম নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা পরিতোষ রায়, সারা ভারত কৃষক সভার ইসলামপুর উত্তর ব্লক কমিটির সম্পাদক তথা সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য গৌতম বর্মন-সহ স্থানীয় নেতৃত্ব।
সমাবেশকে সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।