ইসলামপুর, ২৪ জুন:
মহিলা যাত্রীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলে বাস না থামিয়ে দ্রুত চলে যাওয়ার অভিযোগ তুলে তিন দফা দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) ইসলামপুর ডিপো ইনচার্জের কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএম। বুধবার ইসলামপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিপিআইএমের ইসলামপুর ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে জমা দেওয়া স্মারকলিপিতে গুঞ্জুরিয়া এলাকায় বাস স্টপেজ চালু, ইসলামপুর বাইপাস হয়ে রসাখোয়া পর্যন্ত এনবিএসটিসি বাস পরিষেবা চালু এবং মহিলা যাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করার দাবি জানানো হয়।
এদিন সিপিআইএমের ইসলামপুর ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সামী খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী বিভিন্ন পরিবহণ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের ক্ষেত্রে বাস না থামানোর অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষের স্বার্থে দ্রুত এই সমস্যাগুলির সমাধান করা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রশাসন ও পরিবহণ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে সিপিআইএম।
স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন ডিপো কর্তৃপক্ষ।