চাকুলিয়া:
উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বেআইনিভাবে চলা কাঠের মিলের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল প্রশাসন। বনদপ্তর, চাকুলিয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কালিবাড়ি ও শিরসী এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ কাঠের মিল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আধিকারিকদের উপস্থিতির খবর পেয়ে অভিযানের আগেই মিল মালিকেরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এদিন কালিবাড়ি এলাকায় দুটি এবং শিরসী এলাকায় একটি কাঠের মিলে অভিযান চালানো হয়।
দীর্ঘদিন ধরেই ওই মিলগুলিতে অবৈধভাবে কাঠ মজুত ও চোরাই কাঠের ব্যবসার অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতে মিল মালিক আব্দুল কায়ুম, মোহাম্মদ ইসমাইল এবং আব্দুল ওহাবের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপরই বিডিও সুজয় ধর ও বনদপ্তরের আধিকারিক দুর্গাকান্ত ঝার উপস্থিতিতে বুলডোজার দিয়ে মিলগুলি ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালীন মিলের যন্ত্রপাতি, কাঠের লগ-সহ বিপুল পরিমাণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অভিযানের সময় মিল মালিকদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।
বনদপ্তরের এক আধিকারিক জানান, সংশ্লিষ্ট মিলগুলির কোনও বৈধ অনুমোদন বা প্রয়োজনীয় নথিপত্র ছিল না। দীর্ঘদিন ধরে তাদের বারবার সতর্ক করা হলেও তারা নির্দেশ মানেননি। সেই কারণেই আইন অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আগামী দিনেও চাকুলিয়ার বিভিন্ন এলাকায় বেআইনি কাঠের মিলের বিরুদ্ধে একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।