নিউজডেস্ক:
তিন জন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের সমর্থন নিয়েই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপপ্রধানকে অপসারণ করল বিজেপি। বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয় প্রধান ও উপপ্রধান অপসারণের প্রক্রিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১১ জন। এর মধ্যে বিজেপির সদস্য সংখ্যা ৪ এবং তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ৭। কয়েকদিন আগেই বিজেপির পঞ্চায়েত সদস্যরা প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন।
বৃহস্পতিবার সেই অনাস্থা প্রক্রিয়ায় বিজেপির চার জন সদস্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তিন জন পঞ্চায়েত সদস্যও সমর্থন জানান। তাঁদের সম্মিলিত সমর্থনেই অপসারিত হন তৃণমূলের প্রধান অসীমা পাল এবং উপপ্রধান জাহানারা বেগম।
উল্লেখ্য, ১১ জন সদস্যের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাতে ছিল মাত্র চারটি আসন, অন্যদিকে তৃণমূলের দখলে ছিল সাতটি আসন। তা সত্ত্বেও তৃণমূলের তিন জন সদস্যের সমর্থন নিয়ে প্রধান ও উপপ্রধানকে অপসারণ করতে সক্ষম হয় বিজেপি।
এদিনের অপসারণ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা।