নিউজডেস্ক :
পণ্যবাহী লরির আড়ালে চলছিল মহিষ পাচারের কারবার! গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের আগেই ৪২টি মহিষ উদ্ধার করল চোপড়া থানার পুলিশ। বুধবার সোনাপুরের অয়েল ইন্ডিয়া মোড় সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কে এই অভিযানে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পণ্যবোঝাই লরিতে বিপুল সংখ্যক মহিষ পাচার করা হচ্ছে বলে গোপন খবর আসে। সেই খবরের ভিত্তিতে অয়েল ইন্ডিয়া মোড়ে নজরদারি চালিয়ে সন্দেহভাজন লরিটিকে আটক করেন পুলিশকর্মীরা। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে পাচারের চাঞ্চল্যকর ছবি। লরির ভিতর থেকে উদ্ধার হয় ৪২টি মহিষ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিষগুলিকে বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
তবে প্রশ্ন উঠছে, পণ্যবাহী গাড়ির আড়ালে কীভাবে চলছিল এই পাচার? এর পিছনে কি রয়েছে বড় কোনও চক্র? উদ্ধার হওয়া মহিষগুলির প্রকৃত মালিকানা এবং পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *