ইসলামপুর:
ইসলামপুরে রাজ্য সড়কের জমিতে দোকানের একাংশ নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রাস্তার পাশে থাকা সরকারি মাইলস্টোনের জায়গা কার্যত দখল করে তার সংলগ্ন এলাকায় দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মাইলস্টোনে শিলিগুড়ির দূরত্ব ৬৯ কিলোমিটার এবং রায়গঞ্জের দূরত্ব ১০৭ কিলোমিটার উল্লেখ রয়েছে। অভিযোগ, মাইলস্টোন সংলগ্ন রাজ্য সড়কের জমির মধ্যেই দোকানের একাংশ নির্মাণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছলে দোকান মালিক প্রণব দাস নির্মাণকাজে ভুল হয়েছে বলে স্বীকার করেন। তাঁর দাবি, মিস্ত্রিদের ভুলের কারণেই রাজ্য সড়কের জমির মধ্যে দোকানের একাংশ তৈরি হয়েছে। ওই অংশ ভেঙে সরিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুর ট্র্যাফিক বিভাগের আধিকারিকরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
সরকারি রাস্তার জমিতে নির্মাণের অভিযোগের সত্যতা কতটা, সংশ্লিষ্ট জমির সীমানা কোথায় এবং প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে স্থানীয়দের।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *