নিউজডেস্ক :
বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ইসলামপুর থানায় হাজির হলেন সঙ্গীতা মণ্ডল। শনিবার থানায় গিয়ে তিনি অভিযোগ করেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। অভিযুক্তরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলেও তাঁর দাবি।
জানা গিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ ইসলামপুর থানার ওলিপুর এলাকায় রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে চুরির অভিযোগ ওঠে। অভিযোগের তির কৌশিক মণ্ডলের দিকে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগ, পরিস্থিতি দেখতে গেলে রঞ্জিত মণ্ডলের সঙ্গে কৌশিক ও তাঁর পরিবারের সদস্যদের বচসা বাধে, পরে হাতাহাতি শুরু হয়। রঞ্জিতকে মারধর করা হয় এবং পরে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।
মৃতের বৌদি শেফালী মণ্ডলের অভিযোগ, প্রথমে তাঁর স্বামী রবীন্দ্রনাথকে ঘিরে ধরে মারধর করছিলেন কৌশিক ও তাঁর পরিবারের লোকজন। ঝামেলা মেটাতে গেলে রঞ্জিতকে প্রাণে মেরে ফেলা হয়। তাঁর দাবি, অভিযুক্তদের কারও হাতে দা, কারও হাতে ঝাঁটা, কারও হাতে অন্য অস্ত্র ছিল এবং সেগুলো দিয়েই প্রাণঘাতী হামলা চালানো হয়।
ঘটনার ন্যায়বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে মৃতের পরিবার। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি।