করণদীঘি, ১৭ সেপ্টেম্বর: প্রাক্তন বিধায়ক গৌতম পালের উপর ডিম ছোড়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠল করণদীঘি। বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করে বাড়ি ফেরার পর তাঁর বাড়ির সামনে উত্তেজিত জনতা জড়ো হয়ে পাথর ছোড়ে বলে অভিযোগ। পাল্টা গৌতম পালের অনুগামীরাও পাথর ছোড়েন বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষের পাথর ছোড়াছুড়িতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন গৌতম পাল। এরপর করণদীঘিতে নিজের বাড়িতে ফিরে অনুগামীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেই সময়ই তাঁর বাড়ির সামনে একদল মানুষ জড়ো হন বলে অভিযোগ। আচমকাই শুরু হয় পাথর ছোড়াছুড়ি। এক পক্ষের ছোড়া পাথরের জবাবে অন্য পক্ষও পাল্টা পাথর ছোড়ে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এর আগে মঙ্গলবার করণদীঘি বিডিও অফিস চত্বরে গৌতম পালের উপর কয়েকজন মহিলা ডিম ছোড়েন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্য জানান প্রাক্তন বিধায়ক। এরপর বাড়িতে ফিরে অনুগামীদের সঙ্গে বৈঠকের সময় ফের উত্তেজনা তৈরি হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, বুধবারের পাথর ছোড়ার ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ করেন গৌতম পাল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জেলা সম্পাদক তাপস দাস দাবি করেন, এই ঘটনায় বিজেপির কোনও ভূমিকা নেই। তাঁর বক্তব্য, করণদীঘিতে জনরোষের ঘটনা ঘটেছে এবং মানুষকে সংযত থাকার জন্য বিজেপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
পরপর দু’দিনের ঘটনায় করণদীঘিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।