নিউজডেস্ক :
করণদীঘির প্রাক্তন বিধায়ক গৌতম পালের উপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল করণদীঘি বিডিও অফিস চত্বরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন পর এলাকায় ফিরে বিডিও অফিসে যান গৌতম পাল। সেই সময় একদল মহিলা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, এরপরই তাঁর উদ্দেশে ডিম ছোড়া হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রাক্তন বিধায়ক। সেই সময় হুড়োহুড়ির মধ্যে তাঁর প্যান্ট খুলে যাওয়ার ঘটনাও ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের কাছে পরাজিত হওয়ার পর গৌতম পালকে এলাকায় খুব একটা দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি। এদিন তাঁর হঠাৎ আগমনকে কেন্দ্র করেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বলে মনে করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারণে বিক্ষোভ এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটল, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।