চোপড়া: সরকার পরিবর্তনের পর কাজ হারানোর আশঙ্কায় আন্দোলনের পথে চোপড়ার ভোলাগছে জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৭০ জন শ্রমিক। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে প্রকল্পে কাজ করার পর তাঁদের সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের।
শ্রমিকদের অভিযোগ, বিজেপি নেতা সুবোধ সরকার তাঁদের কাজ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এমনকি বিজেপির জেলা সভাপতির সঙ্গে আলোচনা করে তাঁদের প্রকল্প থেকে বের করে দেওয়ার জন্য জলবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও দাবি তাঁদের।
শ্রমিকদের বক্তব্য, প্রায় দুই দশক ধরে এই প্রকল্পে কাজ করেই তাঁরা সংসার চালিয়ে আসছেন। হঠাৎ কাজ চলে গেলে পরিবার নিয়ে চরম সমস্যার মুখে পড়তে হবে। তাই তাঁদের কোনওভাবেই কাজ থেকে না সরানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, শ্রমিকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা সুবোধ সরকার। তাঁর দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে তাঁর অভিযোগ, যে সময় যে দল ক্ষমতায় থেকেছে, সেই দলের লোকজনই জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করেছেন। বর্তমানে বিজেপি ক্ষমতায় থাকায় বিজেপির লোকজনও কাজের সুযোগ পাবে বলে দাবি তাঁর।
সুবোধ সরকারের আরও অভিযোগ, প্রকল্পে কয়েকজন বিজেপি কর্মী ছাড়া অধিকাংশই তৃণমূলের লোকজন কাজ করছেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা নিজেরাই কাজ ছেড়ে বেরিয়ে যান, না হলে বিজেপি পরিকল্পনা মাফিক তাঁদের সরিয়ে দেবে।
শ্রমিকদের আন্দোলন এবং বিজেপি নেতার পাল্টা দাবিকে ঘিরে ভোলাগছে জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এখন শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সকলে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *