গোয়ালপোখর: মাজার থেকে টোটো করে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোয়ালপোখরে। বাড়ির সামনে টোটো থেকে নামার সময় বাইকে করে আসা দুই যুবক আচমকা টোটোয় থাকা নাবালক-সহ কয়েকজনের গায়ে অ্যাসিড ছুড়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার পোখোরিয়া গ্রাম পঞ্চায়েতের কাজি বস্তি এলাকায়। এই ঘটনায় নাবালক-সহ মোট ছয়জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর নাবালক-সহ পাঁচজনকে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিশ। আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যায় ইসলামপুর থানার পুলিশও। কারা এবং কী কারণে এই হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।
প্রকাশ্যে আচমকা এই ধরনের হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।