চোপড়া:

উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক জুড়ে বিভিন্ন জনস্বার্থমূলক দাবি তুলে মঙ্গলবার চোপড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। এদিন চোপড়া কো-অপারেটিভ মোড় থেকে একটি মিছিল বের হয়ে বিডিও অফিসে পৌঁছায়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কংগ্রেস কর্মী-সমর্থকেরা প্রায় দুই ঘণ্টা বিডিওকে ঘেরাও করে রাখেন। পরে বিডিওর হাতে ১১ দফা দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।
কংগ্রেসের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, এসআইআর (SIR) প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের চোপড়া বিডিও অফিসেই শুনানির (হিয়ারিং) ব্যবস্থা করে অবিলম্বে নাম অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন দ্রুত নিষ্পত্তি, যোগ্য উপভোক্তাদের সরকারি আবাস যোজনার সুবিধা প্রদান, গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল ও নাগরিক পরিষেবার উন্নয়ন-সহ একাধিক জনস্বার্থমূলক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডা. মশিরউদ্দিন, কংগ্রেস নেতা জাকির আবেদীন, নেত্রী রঞ্জিতা বেগম-সহ ব্লকের একাধিক কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থক।
কংগ্রেস নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত ১১ দফা দাবি দ্রুত কার্যকর করার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেন তাঁরা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *