চোপড়া: কোটি টাকার সরকারি প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ঠুনঠুনিয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠুনঠুনিয়া থেকে হোসেন দিঘী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ‘পথশ্রী’ প্রকল্পে প্রায় ১ কোটি ১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দীর্ঘদিনের দাবির পর বিধানসভা নির্বাচনের আগে এই রাস্তার শিলান্যাস করা হলেও সম্প্রতি কাজ শুরু হতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।
রবিবার ঘটনাস্থলে গিয়ে কাজের গুণগত মান পরিদর্শন করেন বিজেপির চোপড়া বিধানসভা কনভেনার মিহির দাস। তাঁর নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। অভিযোগ, নির্মাণস্থলে প্রকল্পের সরকারি শিডিউল বা তথ্য-সম্বলিত সাইনবোর্ড লাগানো হয়নি। এছাড়াও নির্ধারিত মান অনুযায়ী বালি, পাথর ও সিমেন্ট ব্যবহার না করে নিম্নমানের সামগ্রী দিয়ে অত্যন্ত খারাপ অনুপাতে কাজ করা হচ্ছিল বলে দাবি করেন তাঁরা।
মিহির দাসের অভিযোগ, বর্ষা এলেই এই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর দাবি, সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই নিম্নমানের কাজ করা হচ্ছে। তিনি জানান, ঠিকাদারকে ঘটনাস্থলে এসে সরকারি নিয়ম ও নির্ধারিত শিডিউল মেনে কাজ করতে হবে। সমস্ত তথ্য বোর্ডে প্রকাশ এবং কাজের মান নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ও কাজ বন্ধ থাকবে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ঠিকাদার সংস্থা বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারি অর্থে নির্মীয়মাণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *