সংবাদ:
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ৭ জুন:
মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে উত্তর দিনাজপুর তথা ইসলামপুরের মুখ উজ্জ্বল করেছে দেবশ্রুতি সিনাহা। তার এই উল্লেখযোগ্য সাফল্যকে সম্মান জানাতে রবিবার ইসলামপুরের মিলনপল্লী এলাকার বাড়িতে পৌঁছয় কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
রায়গঞ্জের প্রাক্তন বিধায়কের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা কর্মসূচিতে অংশ নেন কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। প্রতিনিধি দলের সদস্যরা দেবশ্রুতির পরিবারের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা তুলে দেন। সে সময় দেবশ্রুতি বাড়িতে উপস্থিত না থাকায় তার বাবা-মায়ের হাতেই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তিলক ভৌমিক, রায়গঞ্জ শহর কংগ্রেস সভাপতি অজয় রায়, ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশীদ-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
কংগ্রেস নেতারা জানান, দেবশ্রুতির এই সাফল্য শুধু তার পরিবারের নয়, সমগ্র উত্তর দিনাজপুর জেলার গর্ব। তার এই কৃতিত্ব আগামী দিনের ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলেও তাঁরা আশাবাদী।
দেবশ্রুতির পরিবার জানিয়েছে, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। কংগ্রেসের এই সম্মাননার জন্যও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই দেবশ্রুতির সাফল্যকে কেন্দ্র করে ইসলামপুর জুড়ে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হচ্ছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *