ইসলামপুর, ৩ জুন (নিজস্ব সংবাদদাতা):
একই নির্মাণ সামগ্রীর জন্য দু’বার রাজস্ব আদায়ের অভিযোগ তুলে মঙ্গলবার ইসলামপুরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে ধর্নায় বসলেন নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকরা। তাঁদের অভিযোগ, এই দ্বৈত রাজস্ব আদায়ের ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি নির্মাণ শিল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, দার্জিলিং জেলার ঘোষপুকুর এলাকা থেকে নিয়ম মেনে রাজস্ব প্রদান করে বালি ও পাথর ক্রয় করে ইসলামপুরে নিজেদের ভ্যাটে মজুত রাখা হয়। পরে যেসব এলাকায় বড় গাড়ি প্রবেশ করতে পারে না, সেখানে ট্রাক্টারের মাধ্যমে ওই সামগ্রী সরবরাহ করা হয়। কিন্তু সেই সময় পুনরায় রাজস্ব ও জরিমানা দাবি করা হচ্ছে বলে অভিযোগ।
সংগঠনের সদস্য মনোতোষ সরকার বলেন, “আমরা নিয়ম মেনে রাজস্ব দিয়ে নির্মাণ সামগ্রী কিনে আনছি। তারপরও গ্রাহকদের কাছে মাল পৌঁছে দিতে গেলে আবার রাজস্ব ও জরিমানা দিতে হচ্ছে। এতে ব্যবসায়ীরা চরম আর্থিক চাপে পড়ছেন। পাশাপাশি নির্মাণ সামগ্রীর অভাবে বহু কাজ বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকদের কর্মসংস্থানও অনিশ্চিত হয়ে পড়ছে।”
তিনি জানান, বিষয়টি মহকুমা প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর সমাধান মেলেনি। পরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হলেও সমস্যার সুরাহা নিয়ে স্পষ্ট কোনও আশ্বাস পাওয়া যায়নি বলে অভিযোগ। ব্যবসায়ীদের দাবি, দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ট্রাক্টারের মাধ্যমে নির্মাণ সামগ্রী পরিবহণের ক্ষেত্রে আলাদা করে রাজস্ব প্রদান করতে হবে।
এদিন দুপুর থেকে ব্যবসায়ী ও শ্রমিকরা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান এবং দ্বৈত রাজস্ব আদায় বন্ধের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা।