নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ৬ জুন:
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আয়রন চা বাগানে শনিবার গঠিত হল সিপিআইএম সমর্থিত ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি। এই উপলক্ষে চা বাগান চত্বরে শ্রমিকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, কর্মপরিবেশ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে শ্রমিকদের মধ্য থেকে একাধিক সদস্যকে নিয়ে নতুন ইউনিট কমিটি গঠন করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘ কয়েক বছর পর আয়রন চা বাগানে পুনরায় সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক শ্রমিক আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও দাবি করেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন গুহ নিয়োগী, উত্তর দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সিটুর জেলা নেতা, সিটুর উত্তর দিনাজপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মকলেশ্বর রহমান, জেলা কমিটির সদস্য ফজিরুল ইসলাম-সহ অন্যান্য নেতৃত্ব ও শ্রমিকরা।