নিউজডেস্ক: মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লালবাজার এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজন মহিলা আহত হয়েছেন। একটি ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানের বারান্দায় ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাসপাড়া এলাকা থেকে একটি ছোট গাড়ি চোপড়ার দিকে যাচ্ছিল। লালবাজার এলাকায় পৌঁছানোর পর আচমকাই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি দ্রুতগতিতে ছিল এবং মুহূর্তের মধ্যে রাস্তার পাশে থাকা একটি দোকানের বারান্দায় সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার সময় দোকানের সামনে কয়েকজন মহিলা দাঁড়িয়ে ছিলেন এবং সেখানে একটি মোটরবাইক রাখা ছিল। গাড়ির ধাক্কায় বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন মহিলা আহত হন।
ক্ষতিগ্রস্ত বাইকের মালিক এমডি মুস্তাক আলি জানান, তিনি দোকানে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে গাড়িটি এসে ধাক্কা মারে। তাঁর মতে, বাইকটি সামনে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *