ইসলামপুর: স্কুলে যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল চোপড়া তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্লক সভাপতি তথা রাজাভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের (৫৬)। শনিবার সকালে ইসলামপুরের মাদারীপুর এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। তবে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নজরুল ইসলামের বাড়ি চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিনমাইল সংলগ্ন লালাগছ এলাকায়। যদিও দীর্ঘদিন ধরে তিনি ইসলামপুরে বসবাস করছিলেন। শিক্ষকতার পাশাপাশি ট্যাক্স সংক্রান্ত কাজও করতেন তিনি।

অভিযোগ, প্রতিদিনের মতো শনিবার সকালে স্কুলে যাওয়ার সময় মাদারীপুর এলাকায় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন নজরুল ইসলাম। দীর্ঘদিন বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ-র সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সংগঠনের জোনাল সম্পাদকের দায়িত্বও সামলেছিলেন। প্রায় তিন বছর আগে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। পরে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চোপড়া ব্লক সভাপতির দায়িত্ব পান।

শিক্ষক মহল ও স্থানীয়দের দাবি, এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ফলে কী কারণে তাঁকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না, নাকি অন্য কোনও ব্যক্তিগত বা পেশাগত বিরোধের জেরে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *