নিউজডেস্ক:
পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বলঞ্চা এলাকা। শনিবার দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে এক মহিলা সহ মোট পাঁচ জন গুরুতর জখম হয়েছেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমিরুদ্দীন ও মোতিবুল রহমানের মধ্যে প্রায় দেড় বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। শনিবার সেই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। বচসা চলাকালীনই আচমকা লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের এক মহিলা সহ পাঁচ জন গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।
ঘটনার পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।