ইসলামপুর: SIR-এর ভোটার তালিকায় ডিলিট হওয়া ভোটার এবং অ্যাডজুডিকেশন পর্যায়ে থাকা ভোটারদের বর্তমান অবস্থান স্পষ্ট করার দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ইসলামপুর ব্লক কংগ্রেস। এদিন মোট পাঁচ দফা দাবি তুলে ধরে বিক্ষোভ কর্মসূচিও পালন করে দল।
বৃহস্পতিবার ইসলামপুর বাসটার্মিনাস এলাকা থেকে কংগ্রেসের কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
কংগ্রেস নেতৃত্বের দাবি, SIR প্রক্রিয়ায় বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি যেসব ভোটার অ্যাডজুডিকেশন পর্যায়ে রয়েছেন, তাঁদের আবেদনপত্রের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে ভোটার তালিকায় তাঁদের অবস্থান কী হবে, তা দ্রুত স্পষ্ট করতে হবে। সাধারণ ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপও দাবি করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি অশোক রায়, চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি মসিরুদ্দিন, কংগ্রেস নেতা জাকির আবেদিন, ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশীদ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল।