ইসলামপুর: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা এই র্যালিতে অংশ নেন।
ইসলামপুর পুলিশ জেলার কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র্যালিটি ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর প্রাঙ্গণে এসে শেষ হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মানবোধ জাগ্রত করা এবং দেশাত্মবোধের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ বিশ্বাস, পুলিশের ডিএসপি, ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন থানার পুলিশ আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা।
জাতীয় পতাকা হাতে পুলিশের এই বাইক র্যালিকে ঘিরে ইসলামপুর শহরে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।