ইসলামপুর: জাল লটারি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর শহরের কলেজ মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ কলেজ মোড় এলাকার একটি লটারির দোকানে অভিযান চালায়। অভিযানের সময় দোকানের টেবিলে বিপুল পরিমাণ সন্দেহভাজন জাল লটারির টিকিট দেখতে পান পুলিশকর্মীরা।

এরপর জাল লটারি বিক্রির অভিযোগে সঞ্জয় দাস নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া লটারির টিকিটগুলি বাজেয়াপ্ত করে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ওই দোকান থেকে জাল লটারির টিকিট বিক্রি করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে ইসলামপুর থানার পুলিশ।

ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *