নিউজডেস্ক:
ইসলামপুর: হোটেল মালিককে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। গুরুতর আহত অবস্থায় ওই হোটেল মালিককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের মিলনপল্লী এলাকায় ডলফিন হোটেলের সামনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডলফিন হোটেলের মালিক বিপ্লব দাস রাস্তা পারাপার করার সময় হঠাৎ দ্রুত গতিতে একটি বাইক তাঁর সামনে দিয়ে চলে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। এরপর বিপ্লব দাস বাইক আরোহীকে উদ্দেশ্য করে আস্তে গাড়ি চালানোর কথা বলেন।
অভিযোগ, এরপরই ওই বাইকটি ঘুরে আসে এবং আরোহী বিপ্লব দাসের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। সেই সময় একটি টোটো থেকে চারজন নেমে এসে মারধরে যোগ দেয়। এমনকি টোটো থেকে লোহার রড বের করে বিপ্লব দাসের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনায় গুরুতর জখম হন বিপ্লব দাস। স্থানীয় দুই বাসিন্দা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে জানা গেছে। এরপরই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *