ইসলামপুর, ১২ মার্চ: উকিলের পোশাকে সাধারণ মানুষের পকেট কাটছিল দালালচক্র। অ্যাফিডেভিট করিয়ে দেওয়ার নাম করে গ্রামাঞ্চল থেকে আসা নিরীহ মানুষদের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামপুর কোর্ট চত্বরে। অবশেষে বুধবার আইনজীবীদের তৎপরতায় এক দালালকে হাতেনাতে ধরা হয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযোগ, সাদা জামা ও কালো প্যান্ট পরে নিজেদের অ্যাডভোকেট পরিচয় দিয়ে ওই দালালরা কোর্ট চত্বরে ঘুরে বেড়াত। সুযোগ বুঝে সরলমনা মানুষদের কাছ থেকে মোটা টাকা নিয়ে পরে জুনিয়র আইনজীবীদের দিয়ে অ্যাফিডেভিটে সই করিয়ে সেই নথি কোর্টে জমা দিত তারা। ধৃত ব্যক্তির কাছ থেকে ‘পুলিশ’ লেখা একটি কার্ডও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি সামনে আসতেই জরুরি বৈঠকে বসে ইসলামপুর বার অ্যাসোসিয়েশন। সম্পাদক সৌমন্দু মজুমদার স্পষ্ট জানিয়ে দেন, নিবন্ধিত আইনজীবী বা লাইসেন্সপ্রাপ্ত ল’ ক্লার্করা এই ধরনের টাকা নিচ্ছেন না। তদন্তে স্পষ্ট হয়, কোর্টের বাইরের কিছু লোক উকিলের পরিচয় দিয়ে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে।
আজ সেই অভিযোগের ভিত্তিতে সজাগ আইনজীবীরা ওই চক্রের এক সদস্যকে কোর্ট চত্বরেই হাতেনাতে পাকড়াও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইসলামপুর থানার আইসি। ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তদন্ত শুরু হয়।
বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এই গ্রেফতারির পর কোর্ট চত্বরে দালালির রাশ টানা সম্ভব হবে বলে তারা আশাবাদী। তবে চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *