ইসলামপুর: প্রধান শিক্ষক নজরুল ইসলাম খুনের ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করা না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ইসলামপুরে মিছিল ও স্মারকলিপি কর্মসূচির আয়োজন করলেন চোপড়া ও ইসলামপুরের শিক্ষক সমাজ।

এদিন ইসলামপুর ট্রাকস্ট্যান্ড এলাকায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা একত্রিত হন। সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তরে পৌঁছায়। পরে পুলিশ সুপারের উদ্দেশে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

শিক্ষকদের অভিযোগ, প্রকাশ্যে একজন প্রধান শিক্ষককে গুলি করে খুন করা হলেও এখনও পর্যন্ত ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এতে শিক্ষক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।

প্রতিবাদী শিক্ষকদের দাবি, তদন্তে গতি এনে দ্রুত অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। একজন শিক্ষকের উপর এমন নৃশংস হামলার ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সমাজে ভুল বার্তা যাবে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

মিছিল ও স্মারকলিপি কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামপুর শহরে ব্যাপক সাড়া পড়ে। শিক্ষক সমাজের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *