নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকায় শনিবার রাতের প্রবল ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেল একাধিক গ্রাম। কয়েক মিনিটের তাণ্ডবে শতাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উড়ে গেছে টিন ও খড়ের চাল। কোথাও আবার বড় গাছ ভেঙে পড়ে বাড়ির উপর, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের দাপটে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। চারদিকে হাহাকার, আর শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন ক্ষতিগ্রস্তরা।
ঝড়ে বহু গাছ উপড়ে পড়ায় এলাকায় যোগাযোগ ব্যবস্থাও কিছুটা ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে বিদ্যুৎ পরিষেবাও আংশিকভাবে বিপর্যস্ত হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবিও উঠেছে এলাকায়।