নিউজডেস্ক :
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় টলিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেস সাংসদ Dev। তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগারওয়ালের সমর্থনে সোমবার ইসলামপুরের ফ্রম কলোনি ময়দানে হাজির হন তিনি।
দেবকে এক নজর দেখার জন্য সকাল থেকেই ফ্রম কলোনি মাঠে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থক। মাঠের চারদিক জুড়ে ছিল জনতার ঢল। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন প্রিয় অভিনেতা ও দলের প্রচারমুখকে কাছ থেকে দেখার আশায়।
এদিন ফ্রম কলোনি ময়দান থেকে দেবকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগারওয়াল রোড শো শুরু করেন। রোড শো ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নির্বাচনী এলাকায় প্রবেশ করে। রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর।
প্রার্থী কানাইলাল আগারওয়াল জানান, মানুষের এই বিপুল সমর্থনই প্রমাণ করে ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। অন্যদিকে দেব কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান।
পুরো কর্মসূচিকে ঘিরে ফ্রম কলোনি ময়দান ও ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় ছিল উৎসবের আবহ। জনতার উপচে পড়া ভিড়েই স্পষ্ট হয়ে ওঠে দেবকে ঘিরে মানুষের উন্মাদনা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *